খুলনায় যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন এবং নগদ ১ লাখ ৭৬ হাজার ৪০০ টাকাসহ দুইজন অস্ত্র ব্যবসায়ী কে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। শনিবার (৭ মার্চ ২০২৬) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে কেএমপি’র সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল সোনাডাঙ্গা থানাধীন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীত পাশে মাদ্রাসা রোডের ১৯/২ নম্বর বেগম রাবেয়া’র মালিকানাধীন তিনতলা ভবনের একটি ফ্ল্যাটে যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা আসামিরা হলো,(১) মো. মোরশেদ আলী (৪৫), পিতা: মৃত হাবিবুর রহমান, গ্রাম ঘিবা (দক্ষিণ), থানা শার্শা, জেলা যশোর এবং(২) কাজী কবির আহমেদ (৫০), পিতা: মৃত কাজী রুস্তম আলী, বাড়ি ২৯ নম্বর কাশেমপুর, থানা কোতোয়ালি, বরিশাল। তিনি রেন্ট-এ-কার ব্যবসায়ী এবং বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীত পাশে বসবাস করতেন।
পুলিশ জানায়, কাজী কবির আহমেদ পেশাদার অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। তিনি কাশিপুর ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি, সাবেক শ্রমিক লীগ সভাপতি, বরিশাল মহানগর শ্রমিক লীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং বর্তমানে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল শ্রমিক ইউনিয়নের সভাপতি।
অভিযানে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ১টি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন এবং নগদ ১ লাখ ৭৬ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।




