গাজপুরের শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘণ্টা পর ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টা পর নাঈম (২৭) নামে এক কাঁচামাল ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ সকালে উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের শেখেরঘাট এলাকায় একটি মহিলা মাদরাসার পেছনের বানার (শীতলক্ষ্যা) নদীর শাখা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নাঈম বরমী ইউনিয়নের বড়নল গ্রামের বাসিন্দা ও জামাল উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় বরমী বাজারে কাঁচামালের ব্যবসা করতেন। পাশাপাশি বাড়ির নিকটবর্তী একটি পুকুর ভাড়া নিয়ে মাছ চাষের সঙ্গেও জড়িত ছিলেন।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার (২ জুন) রাত পৌনে ১২টার দিকে মাছের প্রকল্প দেখতে টর্চলাইট নিয়ে বাড়ি থেকে বের হন নাঈম। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে প্রথমে কল কেটে দেওয়া হয়, পরে ফোনটি বন্ধ পাওয়া যায়।
নাঈমের বাবা জামাল উদ্দিন জানান, রাতভর এবং পরদিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন বরকুল গ্রামের শেখেরঘাট এলাকায় নদীতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং পরিবারের সদস্যরা সেটি নাঈমের বলে শনাক্ত করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গাজীপুরের কাপাসিয়ায় সমীক্ষাতেই আটকে পুরাতন ব্রহ্মপুত্রে সেতু নির্মাণ, ভরসা এখনো বাঁশের সাঁকো

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রাম এবং গাজীপুরের কাপাসিয়া