জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা পর্যায়ের অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন। সভা পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দীপ সাহা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির। তিনি শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরে সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিস্মদেব মণ্ডল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হুমায়ন কবির, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের ইমাম হাফেজ মনিরুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আরেফিন মুক্তা, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় জানানো হয়, আসন্ন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় মুকসুদপুর উপজেলার ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নের মোট ৩৯ হাজার ৩৮৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৫ হাজার ৪২৬ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৩ হাজার ৯৬০ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হবে।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন জানান, শিশুদের অপুষ্টি, রাতকানা ও বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধে ভিটামিন ‘এ’ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। তাই নির্ধারিত দিনে উপজেলার সকল অভিভাবককে তাদের সন্তানদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান তিনি।
সভায় ক্যাম্পেইন সফল করতে স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, সাংবাদিক ও স্থানীয় সচেতন মহলের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।




