জালসার অতিথি নির্ধারণ নিয়ে দ্বন্দ্ব: চারঘাটে প্রতিপক্ষের হামলায় বিএনপি কর্মী নিহত

রাজশাহীর চারঘাট উপজেলায় ইসলামিক জালসার প্রধান অতিথি ঠিক করা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে এরশাদ আলী (৬৫) নামের এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের সিপাইপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত এরশাদ আলী সিপাইপাড়া এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে। তিনি ইউসুফপুর ইউনিয়ন বিএনপির সক্রিয় সদস্য এবং স্থানীয় বিএনপি নেতা ও এমপি আবু সাইদ চাঁদের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুম্মার নামাজের পর স্থানীয় মসজিদে গ্রামবাসী ও বিএনপি কর্মীরা একটি ইসলামিক জালসা ও মাহফিল আয়োজনের বিষয়ে আলোচনায় বসেন। বৈঠকে মাহফিলের প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জ্বলের নাম প্রস্তাব করে এক পক্ষ। অন্যদিকে, এরশাদ আলীসহ অপর পক্ষ এমপি আবু সাইদ চাঁদকে প্রধান অতিথি করার দাবি জানান। এই নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয় এবং একপর্যায়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই আলোচনা পণ্ড হয়ে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন এরশাদ আলী। পথে আনোয়ার হোসেন উজ্জ্বলের অনুসারী হিসেবে পরিচিত সাইদুর রহমান, সুমন আলী, সাব্বির, আশাদুল ও জোয়াদসহ বেশ কয়েকজন তার পথরোধ করেন। এ সময় তারা পেয়ারা গাছের ডাল ও লাঠি দিয়ে এরশাদ আলীকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে রেখে যায়।
পরে স্থানীয় মুসল্লিরা তাকে উদ্ধার করে দ্রুত চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মরদেহ বর্তমানে নিহতের বাড়িতে রাখা হয়েছে। চারঘাট থানা পুলিশ জানিয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের আটকে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে। দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন