বৃহস্পতিবার,২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ঝিনাইদহে বিএনপি নেতা আব্দুল মজিদ বিশ্বাসের সাহসী অভিযানে ১৬৪ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি আটক ১

ঝিনাইদহ শহরকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে দীর্ঘদিন ধরে সামাজিক প্রতিরোধ গড়ে তুলছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সমাজকল্যাণমূলক এই উদ্যোগের মাধ্যমে তিনি স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে মাদকবিরোধী জনসচেতনতা ও প্রতিরোধ আন্দোলন জোরদার করেছেন। তার নেতৃত্বে পরিচালিত এই কার্যক্রম ইতোমধ্যে শহরজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
এরই ধারাবাহিকতায় বুধবার (২২ জুলাই) গভীর রাতে ঝিনাইদহ শহরের আরাপপুর মাঝিপাড়া এলাকায় স্থানীয় জনতার সহযোগিতায় মনিরুল ইসলাম  নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৬৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ঝিনাইদহ সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান। আটক মনিরুল ইসলাম শহরের ব্যাপারীপাড়ার সিরাজুল ইসলামের ছেলে।
আব্দুল মজিদ বিশ্বাস জানান, গভীর রাতে আরাপপুর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে মনিরুলকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করলে পকেট থেকে ১৬৪ পিস ইয়াবা উদ্ধার হয়। পরে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হলে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে ইয়াবাসহ তাকে হেফাজতে নেয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মনিরুল দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তবে সামাজিকভাবে সংগঠিত প্রতিরোধের কারণে এবার সে আইনের আওতায় এসেছে।
আরাপপুর এলাকার বাসিন্দা আলম মণ্ডল বলেন, “আব্দুল মজিদ বিশ্বাস শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি সমাজের একজন দায়িত্বশীল অভিভাবকের ভূমিকায় কাজ করছেন। মাদক নির্মূলে তার সাহসী অবস্থান এবং সরাসরি মাঠে নেমে কাজ করার মানসিকতা সাধারণ মানুষের মধ্যে আস্থা ও সাহস সৃষ্টি করেছে।
ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, মাদকবিরোধী যেকোনো আইনসম্মত সামাজিক উদ্যোগকে পুলিশ স্বাগত জানায় এবং এ ধরনের সহযোগিতা মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় সচেতন মহলের মতে, সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। সেই জায়গা থেকে আব্দুল মজিদ বিশ্বাসের ধারাবাহিক মাদকবিরোধী কার্যক্রম ঝিনাইদহে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। তবে মাদক-সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে চূড়ান্ত অপরাধ নির্ধারণ আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন