দুর্নীতি স্পর্শ করব না, কাউকে দুর্নীতি করতে দেব না,কুমিল্লা-৫ আসনের এমপি জসিম উদ্দিনের হুঁশিয়ারি

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিম দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে কুঠুর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, আমি নিজে দুর্নীতি স্পর্শ করব না এবং কাউকে দুর্নীতি করতে দেব না।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এ সময় হাজী জসিম উদ্দিন (এমপি) মাদক ব্যবসায়ীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে বলেন, যারা মাদক সেবী ও বিক্রেতা, তারা আগামীকাল থেকেই সতর্ক হয়ে যান। প্রয়োজনে আমি নিজেই সীমান্ত এলাকায় সিএনজি নিয়ে এবং লুঙ্গি পরে পাহারা দেব। আমার দলীয় কোনো নেতাকর্মী মাদক ব্যবসায় জড়িত থাকলে সবার আগে তাদের আইনের আওতায় আনা হবে। তাদের ব্যবহৃত মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়াসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, যারা এখনো মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত, তারা তওবা করে ফেলুন। মাদকের বিরুদ্ধে কুমিল্লা-৫ থাকবে জিরো টলারেন্স।
ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, যারা আমাকে কষ্ট করে ভোট দিয়ে মহান সংসদে পাঠিয়েছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আগামী দিনে বিএনপিকে আরও শক্তিশালী সংগঠনে রূপান্তর করতে হবে এবং দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান-এর হাতকে শক্তিশালী করে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহ আলম খোকনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুন, সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, সহসভাপতি মহসিন কবির সরকার, মাজারুল ইসলাম ভূইয়া, শেখ মোহাম্মদ জাবের, আবদুল হান্নান, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান ভূইয়া রিপন ও শাহজাহান সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মনিরুল আলম বাবুল, ছাত্র বিষয়ক সম্পাদক জাকির খান সম্রাট, সদর ইউনিয়নের বিএনপির সভাপতি এডভোকেট কামাল হোসেন, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন মনির, শশীদল ইউনিয়নের সভাপতি মোরশেদ আলম, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মিন্টু, সিদলাই ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়েজ আহমেদ সরকার, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, মালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আলো মামুন, চান্দলা ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুস সাত্তার লিটন, সাধারণ সম্পাদক রুহুল আমিন ভূইয়া বাদল, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু কাওসার, সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোঃ বাকিসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন