নড়াইলে পাঁচ বছরের কোমলমতি শিশু জান্নাতুলকে নির্মমভাবে ধর্ষণ ও নৃশংস হত্যার বিচার এবং জড়িতদের দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে আদালত চত্বর।
আজ রবিবার (২৬ জুলাই) বেলা ১১টায় নড়াইল জেলা আদালত চত্বরে শিক্ষার্থী, সাধারণ জনগণ ও সচেতন মহলের যৌথ ব্যানারে এক বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিসহ ক্ষুব্ধ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। এ সময় তাদের হাতে থাকা ফেস্টুন ও প্লেকার্ডে অপরাধীদের ফাঁসির দাবি সম্বলিত বিভিন্ন স্লোগান দেখা যায়। প্রতিবাদী মানুষেরা অবিলম্বে এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারপূর্বক দ্রুত বিচার ট্রাইব্যুনালে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।




