নাটোরে মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে নাটোর জেলা পুলিশের গোয়েন্দা শাখা।
মঙ্গলবার রাতে নাটোর সদর থানাধীন তেবাড়ীয়া ইউনিয়নের বনবেলঘরিয়া–একডালা–নারায়নপুর গ্রামসংলগ্ন নির্মাণাধীন শান্তি ফিলিং স্টেশনের সামনে পাকা সড়কে তাৎক্ষণিক চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করে ডিবির একটি চৌকস দল। অভিযানে সন্দেহভাজন একজনকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
”গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মোঃ মঙ্গল মিয়া (৫০)। তিনি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মাহমুদ নগর (কুড়ালবাড়ি) এলাকার বাসিন্দা। তার পিতা মৃত চাঁন মিয়া এবং মাতা মোসাঃ ফিরোজা বেগম।
ডিবি সূত্রে জানা যায়, জব্দকৃত ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য পাওয়া গেছে বলে দাবি পুলিশের।
”এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
”পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে জেলা পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।




