গাইবান্ধার পলাশবাড়ীতে পানহাটের নিয়ন্ত্রণ ও দখলকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ধারালো অস্ত্র হাতে ধাওয়া-পাল্টা ইটপাটকেল নিক্ষেপ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার ছোটশিমুলতলা পানহাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে ছোটশিমুলতলা পানহাটের নিয়ন্ত্রণ ও দখল নিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয়।
এ সময় দুই পক্ষের নেতাকর্মীরা ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। ঘটনায় পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাটির বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।




