পার্বতীপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল কৃষক ইসহাক আলীর

দিনাজপুরের পার্বতীপুর–সৈয়দপুর মহাসড়কে বাসের ধাক্কায় ইসহাক আলী (৭০) নামে এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ২টার দিকে পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের সাইনবোর্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ইসহাক আলী বেলাইচন্ডি ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মৃত ইব্রাহিম প্রামানিকের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে চাল বানানোর উদ্দেশ্যে চৌমুহনী বাজারে যান ইসহাক আলী। বাজার থেকে বাড়ি ফেরার পথে মহাসড়কের পাশ দিয়ে মুন্সিপাড়া গ্রামে ঢোকার সময় পিছন দিক থেকে আসা একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আইনগত প্রক্রিয়া শুরু করে।
উল্লেখযোগ্য বিষয় হলো—এর আগে নিহত ইসহাক আলীর ছেলে লুৎফর রহমান একই পার্বতীপুর–সৈয়দপুর মহাসড়কের সেনাবাহিনীর চেকপোস্ট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন। পরপর দুই সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ওপর নেমে আসা এই শোক এলাকাবাসীকে গভীরভাবে মর্মাহত করেছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন