নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ১নং নাফানগর ইউনিয়ন বিএনপি অবস্থান কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা বড় সুলতানপুর এতিমখানার সামনে বড় সুলতানপুর-সেতাবগঞ্জ (বোচাগঞ্জ) সড়কে অবস্থান নিয়ে সতর্কতামূলক কর্মসূচি পালন করেন। এ সময় তারা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহতের আহ্বান জানান।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ১নং নাফানগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ফিরোজ জামান, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজিউর রহমান রাজু, উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. তৌহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মাজেদুর রহমান পাপ্পু, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আলতাফুর রহমান সাদ্দাম, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, পৌর নেতা আরাফাত হোসেন, কোকো স্মৃতি সংসদের সাজিদ পারভেজ, যুবনেতা মাহামুদুল হাসান মেহেদী, দানেশসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
নেতৃবৃন্দ বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে—এমন যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে তারা সর্বদা সজাগ রয়েছেন। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা মাঠে সক্রিয় থাকবেন বলেও তারা জানান।