নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জাতীয় নির্বাচনকে অবৈধ দাবি ও গণভোটকে ‘না’ বলার আহ্বান সম্বলিত পোষ্টার সাঁটানোর ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে এসব পোষ্টার সাঁটানো হয়।
রোববার (২৫জানুয়ারি) বিকেলে বনপাড়া পৌর বিপণী বিতানের দেয়ালে পোষ্টারগুলো নজরে আসার পর স্থানীয়রা তা ছিঁড়ে ফেললেও সোমবার (২৬জানুয়ারি) পুনরায় পোষ্টার সাঁটানোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
জানা গেছে, পোষ্টারগুলোতে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর ছবি ব্যবহার করে ‘গণভোটকে না বলুন’, ‘অবৈধ নির্বাচন মানি না, মানবো না’, ‘সারা বাংলা বেঁধেছে জোট, নৌকা ছাড়া কিসের ভোট’,এমন বিভিন্ন উসকানিমূলক স্লোগান লেখা ছিল। পোষ্টারের নিচে বাংলাদেশ ছাত্রলীগ, বড়াইগ্রাম উপজেলা শাখার নাম উল্লেখ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিতভাবে পৌর বিপণী বিতানের দেয়ালে থাকা ‘চলো দেশ গড়ি’ স্লোগান ঢেকে দিয়ে এসব পোষ্টার সাঁটানো হয়েছে। পৌরসভার প্রাণকেন্দ্রে প্রকাশ্যে নিষিদ্ধ সংগঠনের পক্ষ থেকে নির্বাচনবিরোধী পোষ্টার লাগানোয় সাধারণ মানুষ বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন।
এ বিষয়ে এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক জিএম আক্কাস আলী (তাহাস) বলেন,
“নিষিদ্ধ সংগঠনের পক্ষ থেকে প্রকাশ্যে জাতীয় নির্বাচন ও গণভোটকে অবৈধ দাবি করে পোষ্টার সাঁটানো শুধু দুঃসাহস নয়, এটি চরম স্পর্ধা। অবিলম্বে দায়ীদের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত।”
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, “কে বা কারা সবার অগোচরে কয়েকটি পোষ্টার সাঁটিয়ে চলে গেছে। পরে স্থানীয়রা সেগুলো ছিঁড়ে ফেলেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের শনাক্ত ও আটক করতে পুলিশ কাজ করছে।”




