বরিশালে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে হত্যাকাণ্ড, ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনা। চলতি বছরের প্রথম ছয় মাসে জেলা ও মহানগর এলাকায় অন্তত ৩১টি হত্যাকাণ্ড, ৭৯টি ধর্ষণ এবং ২৭৮টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা নথিভুক্ত হয়েছে। একই সময়ে সংঘটিত মোট অপরাধের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৪১টি। এসব পরিসংখ্যান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অপরাধ দমনে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে সহিংসতা ও অপরাধের মাত্রা আরও বেড়ে যেতে পারে। তারা নিয়মিত টহল, দ্রুত বিচার এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
প্রতি মাসে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপিত পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বরিশাল জেলা ও মহানগরে ৩১টি খুন, ৭৯টি ধর্ষণ, ২৭৮টি নারী ও শিশু নির্যাতন, ১৩৮টি চুরি ও সিঁধেল চুরি, ৬৩৮টি মাদকসংক্রান্ত অপরাধসহ মোট ২ হাজার ১৪১টি অপরাধ সংঘটিত হয়েছে।
জানুয়ারি মাসে মোট ২৭৫টি অপরাধের মধ্যে ছিল ৬টি হত্যাকাণ্ড, ১৭টি চুরি ও সিঁধেল চুরি, ৩৬টি নারী ও শিশু নির্যাতন, ১১টি ধর্ষণ, ৩টি ডাকাতি এবং ৮১টি মাদকসংক্রান্ত মামলা।
অন্যদিকে, ফেব্রুয়ারি মাসে মোট ২৬৮টি অপরাধের মধ্যে ৩টি হত্যাকাণ্ড, ১৮টি চুরি, ৩৪টি নারী ও শিশু নির্যাতন, ১০টি ধর্ষণ এবং ৫৫টি মাদকসংক্রান্ত অপরাধের ঘটনা রেকর্ড করা হয়েছে।
আইনশৃঙ্খলা বিশ্লেষকদের মতে, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশি নজরদারি জোরদার, মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখা এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেছেন তারা।




