বায়া শিশু পরিবারে বিভাগীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

 

“খেলাধুলায় গড়বো দেশ, তারুণ্যের বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে বিভাগীয় আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় পবা উপজেলার বায়া সরকারি শিশু সদন প্রাঙ্গণে রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ আবু ইউছুফ বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা তরুণদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা তরুণ সমাজকে মাদকাসক্তি ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার পাশাপাশি শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্বগুণ বিকাশে সহায়তা করে।

বক্তারা আরও বলেন, আজকের তরুণরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার প্রধান কারিগর। সুস্থ খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে একটি শক্তিশালী, মানবিক ও সচেতন প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক মোঃ কামাল উদ্দিন বিশ্বাস, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার ড. মোঃ জিল্লুর রহমান এবং রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (যুগ্মসচিব) সৈয়দ মোস্তাক হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন