বিএনপি এমন বাংলাদেশ গড়বে, যেখানে কোনো মানুষ গুম হবে না: সালাহউদ্দিন আহমদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হবে—যেখানে আর কোনো মানুষ গুম হবে না, কোনো মা সন্তান হারানোর বেদনা অনুভব করবেন না এবং জনগণই হবে রাষ্ট্রের প্রকৃত মালিক।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় চকরিয়ার সাহারবিল বিএমএস উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ তথা বিএনপি ভূমিধস বিজয় অর্জন করবে। জনগণের বিপুল সমর্থন ও জাতীয় ঐক্যের মাধ্যমে বিএনপি এমন একটি সরকার পরিচালনা করবে, যার মালিক হবে দেশের সর্বস্তরের মানুষ। এই নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের হারানো ভোটাধিকার ও রাষ্ট্রের মালিকানা ফিরে পাবে।
তিনি বলেন, “আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন। আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করবেন। বাংলাদেশে যেন আর কখনো কাউকে গুম হওয়ার কথা শুনতে না হয়—এটাই আমাদের অঙ্গীকার।
বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, যারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন, তাদের মর্যাদা দিতে হবে। বিএনপির কর্মসূচি, পরিকল্পনা ও রাষ্ট্রচিন্তা যদি জনগণের পছন্দ হয়, তাহলে জনগণ স্বতঃস্ফূর্তভাবে বিএনপিকেই ভোট দেবে। একইভাবে অন্যান্য রাজনৈতিক দলও তাদের কর্মসূচি জনগণের সামনে উপস্থাপন করবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য।
তিনি সতর্ক করে বলেন, “একটি দল জনগণের কাছে ভোট চেয়ে বলছে—ভোট দিলে মরলে পরে জান্নাত পাওয়া যাবে। এ ধরনের ধোঁকাবাজি থেকে জনগণকে সাবধান থাকতে হবে।
নিজের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমি গত ৩৫ বছর ধরে আপনাদের সঙ্গে রাজনীতি করছি। ২০০৮ সালে জেলে থাকার কারণে আমি নির্বাচনে অংশ নিতে পারিনি। তখন আমার স্ত্রী অ্যাডভোকেট হাসিনা আহমদকে আপনারা আমার চেয়েও বেশি ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। এজন্য আমি ও আমার পরিবার আজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ। এতে প্রমাণ হয়, আপনারা আমাকে ভালোবাসেন।”
তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তার জীবন একসময় চরম ঝুঁকির মুখে পড়েছিল। দেশ তখন এমন অবস্থায় পৌঁছেছিল, যখন মানুষ মুক্তভাবে কথা বলতে পারেনি, ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।
পথসভায় আরও উপস্থিত ছিলেন মাতামুহুরি (সাংগঠনিক) উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গাজীপুরের কাপাসিয়ায় সমীক্ষাতেই আটকে পুরাতন ব্রহ্মপুত্রে সেতু নির্মাণ, ভরসা এখনো বাঁশের সাঁকো

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রাম এবং গাজীপুরের কাপাসিয়া