আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় আগাম নির্বাচনী আমেজ তৈরী হয়েছে। বিভিন্ন প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচার-প্রচারণা করছে। এরই ধারাবাহিকতায় উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড ডগ্রাপাড়া এলাকায় সার্বিক উন্নয়ন ও জনগণের সেবক হিসেবে কাজ করার প্রত্যয় নিয়ে মেম্বার প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তরুণ সমাজসেবক মোঃ মোবারক হোসেন মিঠু।
ইতিমধ্যেই তিনি ৩নং ওয়ার্ডের ডগ্রাপাড়া গ্রামসহ বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় ও গণসংযোগ করছেন। এলাকার মুরব্বি ও তরুণদের সঙ্গে মতবিনিময় করে দোয়া ও সমর্থন কামনা করছেন তিনি।
এলাকার ভোটার ও স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, মোবারক হোসেন মিঠু একজন সদালাপী, বিপদে-আপদে পাশে থাকা এবং সমাজ উন্নয়নমূলক কাজে সর্বদা অগ্রগামী ব্যক্তিত্ব। তরুণ সমাজকে মাদকমুক্ত রাখা, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় তার মতো একজন সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন বলে মনে করছেন সাধারণ ভোটাররা। নির্বাচনে প্রার্থী হওয়া প্রসঙ্গে মোবারক হোসেন মিঠু বলেন-
”আমি কোনো ক্ষমতার লোভে নয়, বরং ৩নং ওয়ার্ড ডগ্রাপাড়ার অবহেলিত ও সাধারণ মানুষের সেবা করতেই নির্বাচনে প্রার্থী হচ্ছি। নির্বাচিত হতে পারলে এই ওয়ার্ডকে একটি আদর্শ ও মাদকমুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো। সাধারণ মানুষের সুখ-দুঃখে সবসময় যেভাবে পাশে ছিলাম, আজীবন সেভাবেই পাশে থাকতে চাই। আমি ৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।”
স্থানীয় সচেতন মহল মনে করছেন, মোবারক হোসেন মিঠু নির্বাচনী মাঠে নামায় ৩নং ওয়ার্ডের নির্বাচনী সমীকরণে এক নতুন মাত্রা যোগ হয়েছে। এলাকার তরুণ সমাজ ও সাধারণ ভোটারদের মধ্যে তাকে নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।




