কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নষ্ট ফ্রিজ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোস্তাফিজুর রহমান সুশীল (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের নগরপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাফিজুর রহমান ওই গ্রামের কফিল ডাক্তারের ছেলে। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে মোস্তাফিজুর নিজের ঘরের একটি নষ্ট ফ্রিজ মেরামত করার চেষ্টা করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন। পরে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণপাড়া একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুনির হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পেয়ে আমি নিহতের বাড়িতে গিয়েছি। এক পরিবারে এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।” স্থানীয় ইউপি সদস্য (ওয়ার্ড মেম্বার) মো. ইসমাইলও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর খবর তারা পেয়েছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




