মাগুরায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

বিচার কার্যক্রমের গতি বৃদ্ধি, তদন্ত ও বিচার প্রক্রিয়ার মধ্যে কার্যকর সমন্বয় জোরদার এবং জনগণের জন্য দ্রুত ও মানসম্মত ন্যায়বিচার নিশ্চিতকরণের লক্ষ্যে মাগুরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন ২০২৬) সকাল ১০টায় মাগুরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এ কনফারেন্সে সভাপতিত্ব করেন মাগুরার বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। কনফারেন্সের আয়োজন করে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, মাগুরা।
সভাপতির বক্তব্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম বলেন, জনগণের ন্যায়বিচার প্রাপ্তির সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে বিচার বিভাগ, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানসমূহের মধ্যে নিবিড় সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। তিনি তদন্তের মানোন্নয়ন, সাক্ষীদের সময়মতো আদালতে উপস্থিতি নিশ্চিতকরণ, আলামত সংরক্ষণ ও উপস্থাপনে অধিকতর সতর্কতা এবং প্রয়োজনীয় প্রতিবেদন দ্রুত প্রাপ্তির ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, বিচারপ্রক্রিয়ার প্রতিটি ধাপে পেশাগত দক্ষতা, জবাবদিহিতা ও আন্তরিকতা নিশ্চিত করা গেলে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে এবং বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে। ন্যায়বিচার নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
কনফারেন্সে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, তদন্তাধীন মামলার অগ্রগতি, সাক্ষী হাজিরা, ময়নাতদন্ত ও মেডিকেল রিপোর্ট প্রাপ্তি, ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন, মাদকসংক্রান্ত মামলা, নারী ও শিশু নির্যাতন মামলা এবং বিচারপ্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বাস্তব সমস্যা ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল, পুলিশ সুপার মোল্লা আজাদ, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বর্ণালী রানী  উপস্থিত ছিলেন।
এ ছাড়া সিভিল সার্জন কার্যালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, গণপূর্ত বিভাগসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় অংশগ্রহণ করেন।
সভায় অংশগ্রহণকারীরা বিচারপ্রক্রিয়ার বিভিন্ন চ্যালেঞ্জ চিহ্নিতকরণ এবং সেগুলোর সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতামত প্রদান করেন। পাশাপাশি বিচার বিভাগ, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের নিয়মিত সমন্বয় সভা জেলার বিচারসেবা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গাজীপুরের কাপাসিয়ায় সমীক্ষাতেই আটকে পুরাতন ব্রহ্মপুত্রে সেতু নির্মাণ, ভরসা এখনো বাঁশের সাঁকো

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রাম এবং গাজীপুরের কাপাসিয়া