‎মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

‎মেহেন্দিগঞ্জ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথমবারের মতো মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়ন এবং বিদ্যমান সমস্যা নিরসনে নানা দিকনির্দেশনা প্রদান করা হয়।

‎হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে সভায় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য জননেতা রাজিব আহসান।

‎সভায় হাসপাতালের সার্বিক পরিস্থিতি ও জনবল সংকটের চিত্র তুলে ধরেন কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এমরানুর রহমান। তিনি জানান, প্রায় পাঁচ লক্ষ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসাস্থল এই হাসপাতালে জনবল সংকট এখন চরম পর্যায়ে। হাসপাতালে ৫০ জন ডাক্তার থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ৭ জন। একইভাবে ৩৪ জন নার্সের বিপরীতে ১৭ জন এবং ১২ জন পরিচ্ছন্নতা কর্মীর বিপরীতে মাত্র ২ জন কর্মরত রয়েছেন।

‎জনবল সংকটের এই ভয়াবহ চিত্র শুনে মাননীয় প্রতিমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত এই সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। হাসপাতালের সেবার মানোন্নয়নে যা যা প্রয়োজন তার সবটুকুই করা হবে। এখন থেকে প্রতি মাসে অন্তত একবার নিয়মিতভাবে ব্যবস্থাপনা কমিটির সভা আয়োজন করতে হবে যাতে সেবার মান তদারকি করা যায়।”

‎সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিয়াজুর রহমানসহ কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। সভায় স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা আরও উন্নত ও কার্যকর করার লক্ষ্যে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

‎উপস্থিত সদস্যবৃন্দ আশা প্রকাশ করেন যে, প্রতিমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দীর্ঘদিনের জনবল সংকট দূর হবে এবং সাধারণ মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা ফিরে পাবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন