মোংলা বন্দরে খালাস হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ৫৭ হাজার ৫০০ মেট্রিক টন গম। রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে পানামা পতাকাবাহী ‘আলট্রাবাল্ক’ জাহাজে আমদানিকৃত গমের নমুনা পরীক্ষা শেষে এই খালাস কার্যক্রম শুরু হয়। এর আগে ওই জাহাজটি বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বন্দরের ফেয়ারওয়ে বয়ায় নোঙর করে। জাহাজটি স্থানীয় শিপিং এজেন্ট ‘সেভেন সিসে’র ব্যবস্থাপক শামিম জানান, গত ২১ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ‘পোর্টল্যান্ড ওরেগন’ বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে জাহাজটি। এ বছরের ২৯ জানুয়ারি মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ায় এসে নোঙর করে। এরপর আমদানিকৃত গমের নমুনা পরীক্ষা শেষে রবিবার সকাল থেকে ওই জাহাজ থেকে গম খালাসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
মোংলা খাদ্য অফিসের সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সোবহান সরদার জানান, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে ‘জি টু জি’র চুক্তির আওতায় এই গম আমদানি কার্যক্রম চালু রয়েছে। এর আওতায় মোংলা বন্দরে মোট চার লাখ ৫০ হাজার টন গম আমদানি করা হবে। এরই মধ্যে সেই গমের চতুর্থ চালান হিসেবে গম নিয়ে জাহাজ মোংলা বন্দরে অবস্থান করছে। তিনি আরও বলেন, এর আগে গত বছরের ২ নভেম্বর প্রথম চালানে ২২ হাজার ৭৮০ টন, ১৪ নভেম্বর দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮৭৫ টন এবং চলতি বছরের ৫ জানুয়ারি তৃতীয় চালানে আমদানি করা হয় ২২ হাজার ৭৫৬ টন গম। সেসব গম প্রথমে সরকারি খাদ্য গুদাম মোংলা সাইলোতে মজুত করে রাখা হয়। এরপর সেখান থেকে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে।
জানা যায়, বাণিজ্য ঘাটতি মেটাতে গত বছর জুলাই মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সরকারের এমওইউ সই হয়, যার মেয়াদ পাঁচ বছর।




