বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কৃতী সন্তান মাহমুদুল হাসান বাপ্পী। তাঁর এ গুরুত্বপূর্ণ পদপ্রাপ্তিতে গোপালগঞ্জ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক হিসেবে মাহমুদুল হাসান বাপ্পী সংগঠনের পরিবেশ ও বন সংরক্ষণ-সংক্রান্ত নীতি প্রণয়ন, কর্মসূচি বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী একজন সক্রিয় সংগঠক হিসেবে পরিচিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ছাত্ররাজনীতির মাধ্যমে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি ও সহ-সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
ছাত্ররাজনীতিতে সফলতার ধারাবাহিকতায় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, রাজনৈতিক প্রজ্ঞা ও দলের প্রতি নিষ্ঠার স্বীকৃতি হিসেবে তাঁকে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে বলে নেতাকর্মীরা মনে করছেন।
মাহমুদুল হাসান বাপ্পীর এ পদায়নে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর মাহমুদুল হাসান বাপ্পী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি দলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে সর্বোচ্চ নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।




