পবিত্র রমজান মাসে জনসাধারণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কক্সবাজারের চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকা ও পৌরশহরের চিরিংগায় ইফতার বাজারে মনিটরিং অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তর।
৭ মার্চ (শনিবার) বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের একটি টিম উপজেলার বিভিন্ন ইফতার বাজার পরিদর্শন করে। এ সময় বিভিন্ন দোকান ও খাদ্য বিক্রয়কেন্দ্র থেকে খাদ্যের নমুনা সংগ্রহ করা হয়, যা পরীক্ষার জন্য সংশ্লিষ্ট ল্যাবরেটরিতে পাঠানো হবে বলে জানা গেছে।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। একইসঙ্গে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি বা বিক্রি না করার জন্য সতর্ক করা হয়।
এ সময় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর আরিফুল ইসলাম এবং চকরিয়া পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর হায়দার আলী নিরাপদ খাদ্য অধিদপ্তরের টিমের সঙ্গে উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, পবিত্র রমজান মাসে ইফতার সামগ্রীর চাহিদা বেড়ে যাওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি বা ভেজাল মেশানোর চেষ্টা করতে পারে। তাই জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে।




