রাঙামাটির সাপছড়িতে বাস দুর্ঘটনা: আহত অন্তত ২০, গুরুতর একজন চট্টগ্রামে রেফার্ড

রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ির কলাবাগান এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রধান সড়কের উপর উল্টে গেছে। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে বেলা দেড়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে যানবাহন চলাচল পুনরায় শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাঙামাটির নানিয়ারচর উপজেলা সদর থেকে প্রায় ৫০ থেকে ৬০ জন যাত্রী নিয়ে একটি চট্টগ্রামগামী বাস (নাম্বার: চট্টমেট্টো-জ-১১-০১০৪) সাপছড়ির কলাবাগান এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে উল্টে যায়।
দুর্ঘটনার ফলে বাসে থাকা অধিকাংশ যাত্রী কমবেশি আহত হন। অনেক যাত্রী ভাঙা কাঁচ দিয়ে বের হয়ে নিজেদের প্রাণ রক্ষা করেন। এসময় বাসটির সুপারভাইজার মাথা ও পায়ে এবং চালক পায়ে আঘাতপ্রাপ্ত হন বলে জানা গেছে।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠান।
রাঙামাটি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনায় আহত মোট ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন