নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃ শাহিন শেখকে আদালতে হাজিরা শেষে কারাগারে নেওয়ার সময় আদালত চত্বরে পুলিশের সামনে, জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেওয়ার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে। সদর থানার ওসি খন্দকার জিয়াউর রহমান জানান, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে হাজিরার পর শাহিন শেখের জামিন নামঞ্জুর করে আগামী ৩১ মার্চ শুনানির তারিখ ধার্য করা হয়।
শুনানি শেষে তাকে প্রিজনভ্যানে তোলার সময় তার আত্মীয়-স্বজন ও নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা, জয় বাংলা,জয় বঙ্গবন্ধু, এবং, শাহিন ভাই ভয় নাই, স্লোগান দিলে আদালত চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়। পরে কঠোর নিরাপত্তায় তাকে রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়।
এ ঘটনায় পুলিশ চরলক্ষ্মীপুর গ্রামের জনি, তৌফিক আহমেদ তাইম, শান্ত শেখ, সাজ্জাদ হোসেন ও মুঞ্জেল শেখকে গ্রেফতার করে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেন, আদালত চত্বরে জয় বাংলা স্লোগান দেওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।




