পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান, মূল্য ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ইফতার সামগ্রী, মিষ্টান্ন, মুদি ও ফলের দোকানসমূহে পণ্যের মান, মূল্য তালিকা, সামগ্রিক পরিবেশ এবং ক্রয় রসিদ যাচাই-বাছাই করা হয়। ক্রয় রসিদ প্রদর্শনে ব্যর্থ হওয়ায় সরকারি কলেজের পার্শ্বস্থ ফলের আড়ৎ মালিক সাহাবুদ্দিনকে ১ হাজার টাকা, বহরপুর বাজারে সাহা মিষ্টান্ন ভান্ডারের মালিক সাগর সাহাকে অপরিচ্ছন্ন পরিবেশের জন্য ১ হাজার টাকা এবং বালিয়াকান্দি বাজারের সোলেমান হোটেলের মালিক সোলেমান শেখের পুত্র সালমান শেখকে ৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়। এ সময় উভয় বাজারের ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে পণ্য বিক্রির নির্দেশনা প্রদান করা হয়।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, রমজান মাসে কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি বা অযৌক্তিকভাবে মূল্যবৃদ্ধি করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না। কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মোবাইল কোর্টে বালিয়াকান্দি থানা পুলিশ ও স্যানিটারী ইন্সপেক্টর পনিরুজ্জামান সহযোগিতা করেন। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।




