রাজশাহী মহানগরীর খোজাপুর এলাকায় মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় মোহাম্মদ মোস্তফা (৫০) নামে এক ব্যক্তি দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারী ২০২৬ইং তারিখ) রাত সাড়ে ৮টার দিকে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের খোজাপুর গোরস্তানের প্রাচীর সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে যাওয়ার পথে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মোস্তফা নগরীর দাসমারী এলাকার বাসিন্দা। তিনি তইমুর উদ্দিনের ছেলে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশ-এর উপকমিশনার ও মুখপাত্র গাজিউর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং সেখান থেকে পিস্তলের গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।




