রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে যুবক নিহত

রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে দিনদুপুরে বাড়ির সামনে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহত মো. সাব্বির (২১) নগরীর পবা এলাকার রাইসমিলপাড়া মহল্লার বাসিন্দা শাহিন ইসলামের ছেলে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে শাহমখদুম থানা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই মহল্লার বাসিন্দা আমিরুল ইসলামের ছেলে মো. জাসন (২৫) পূর্ব বিরোধের জেরে সাব্বিরকে ছুরিকাঘাত করেন। স্থানীয়দের অভিযোগ, জাসন মাদকাসক্ত এবং সম্প্রতি এলাকায় তার বেপরোয়া আচরণ বেড়ে গিয়েছিল।

নিহত সাব্বির তার বাবার খাবারের হোটেলে কাজ করতেন। ছুরিকাঘাতের পর স্থানীয়রা তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, সাব্বিরের বুকে গভীর ক্ষত ছিল এবং হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয়দের দাবি, অভিযুক্ত জাসনের মা শিরিন বেগম তার আধা কাঠা জমি সাব্বিরের বাবা শাহিন ইসলামের কাছে বিক্রি করেন। জমি বিক্রিকে কেন্দ্র করে জাসন ক্ষুব্ধ ছিলেন। মঙ্গলবার তিনি শাহিন ইসলামকে মারধর করেন। এরই জেরে বুধবার দুপুরে বাড়ির সামনে সাব্বিরকে পেয়ে বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

এ বিষয়ে শাহমখদুম থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহ হাসপাতালে নেওয়ার পর পুলিশ খবর পায়। অভিযুক্ত জাসন পলাতক রয়েছে এবং তাকে আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন