শরীয়তপুরে কৃষিজমিতে পুকুর খনন: কারাদণ্ড ও অর্থদণ্ড, তিন এক্সাভেটর অচল

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় ফসলি জমির উর্বর মাটি কেটে অবৈধভাবে পুকুর খননের দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড ও এক্সাভেটর মালিককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অভিযানে ব্যবহৃত তিনটি এক্সাভেটর (ভেকু) মেশিন অচল করে দেওয়া হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার মহিষার ও রামভদ্রপুর এলাকায় পরিবেশ সংরক্ষণ এবং কৃষিজমি রক্ষায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় সোনালি আশ পাট, পেঁয়াজ, সরিষা, টমেটো ও আমন ধানের আবাদি জমির ওপরের উর্বর মাটি কেটে পুকুর খনন করা হচ্ছিল। এসব মাটি ইটভাটায় বিক্রির পাশাপাশি বাড়ির ভিটা ভরাটের কাজেও ব্যবহার করা হতো। ফলে কৃষিজমি আশঙ্কাজনক হারে হ্রাস পাচ্ছে এবং পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে।

অভিযানকালে ফসলি জমির মাটি কাটার অপরাধে এক এক্সাভেটর চালককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই অপরাধে এক্সাভেটর মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং সংশ্লিষ্ট পুকুর মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে থাকা তিনটি এক্সাভেটরের কার্যক্রম বন্ধ করে যন্ত্রপাতি অচল করা হয়। অভিযানে ভেদরগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কে. এম. রাফসান রাব্বি বলেন, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয় এবং স্থানীয় জনজীবনে নেতিবাচক প্রভাব পড়ে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে উপজেলা প্রশাসনের নিয়মিত নজরদারি ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। তিনি অবৈধ মাটি ও বালু উত্তোলন সংক্রান্ত যেকোনো তথ্য প্রশাসনকে জানাতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুল হক বলেন, কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি অপসারণের ফলে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। কৃষিজমি রক্ষায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কৃষিজমি ধ্বংস করে পুকুর খনন বা মাটি বিক্রির সুযোগ কাউকে দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন।

প্রশাসন জানায়, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আসন্ন ২০২৬-২৭ বাজেটে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম, ৪ জুন ২০২৬: বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ