মঙ্গলবার,২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বামী ও শ্বশুরকে এলোপাথাড়ি কুপিয়ে জখমের ঘটনায় সুষ্ঠু বিচার দাবিতে সংবাদ সম্মেলন

দিনাজপুরে স্বামী ও শ্বশুরকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় সুষ্ঠু বিচার ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আর্নিকা সাথী। শনিবার (তারিখ) সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাব-এর সম্মেলন কক্ষে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোছা. আর্নিকা সাথী (২২) বলেন, তিনি দিনাজপুর সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের পাঁচবাড়ি জপেয়া মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতা মো. আনোয়ার হোসেন এবং স্বামী মো. রাসেল পারভেজ। এ ঘটনায় তিনি বাদী হয়ে দিনাজপুর কোতয়ালী থানা-এ মামলা নং-৩৯/১১৬, তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৬, পেনাল কোড ১৮৬০ এর ১৪৩/৪৪৭/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৫৪/৫০৬(২)/১১৪ ধারায় একটি মামলা দায়ের করেছেন।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল আনুমানিক ৪টার দিকে দিনাজপুর সদর উপজেলার শশরা ইউনিয়নের জপেয়া মৌজার তুলশী পুকুর এলাকায় তার শ্বশুর মো. আলাউদ্দিনের মালিকানাধীন জমিতে ফসল রোপণের জন্য জমি প্রস্তুত করছিলেন তিনি, তার স্বামী মো. রাসেল পারভেজ ও শ্বশুর। এ সময় বিকেল প্রায় ৫টার দিকে অভিযুক্ত মো. জাহাঙ্গীর (৪৫), মো. জিয়াউর রহমান (৪০), মো. আবুল কালাম আজাদ (৭০), মো. মমিনুল ইসলাম (৫০) ও মো. মকছেদুল ইসলাম (৫৫) সহ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্রসহ জমিতে প্রবেশ করে তাদের ঘিরে ধরে।
অভিযোগে বলা হয়, অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। এক পর্যায়ে মো. জাহাঙ্গীর কোদালের ধারালো অংশ দিয়ে রাসেল পারভেজের মাথায় এলোপাথাড়ি কোপ দেন। এতে তার মাথায় গুরুতর জখম হয় এবং পরে ১১টি ও ৭টি সেলাই দিতে হয়। পরে মো. জিয়াউর রহমান ধারালো দা দিয়ে মাথায় আরও কোপ দিলে অতিরিক্ত ৪টি সেলাই দিতে হয়।
এছাড়া অভিযুক্ত মো. মমিনুল ইসলাম কোদালের ঘা দিয়ে রাসেলের ডান হাতে আঘাত করলে তার হাতের হাড় ভেঙে যায় এবং মো. মকছেদুল ইসলাম লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে অভিযোগ করা হয়।
আর্নিকা সাথী আরও বলেন, স্বামীকে রক্ষা করতে গেলে তার শ্বশুর মো. আলাউদ্দিনকেও ধারালো দা দিয়ে মাথায় কোপ দেওয়া হয়, এতে তার মাথায় একাধিক গুরুতর জখম হয় এবং পরে ৫টি ও ৩টি সেলাই দিতে হয়। এ সময় তিনি স্বামী ও শ্বশুরকে বাঁচাতে গেলে অভিযুক্তরা তার চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করে এবং তার শ্লীলতাহানি ঘটায় বলেও অভিযোগ করেন।
তিনি আরও অভিযোগ করেন, মামলার ৩ নম্বর আসামি মো. আবুল কালাম আজাদ আদালত থেকে জামিন পাওয়ার পর অন্য আসামিদের নিয়ে তাদের পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছেন। মামলা প্রত্যাহার না করলে হত্যা, লাশ গুম এবং বাড়িতে আগুন দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন। এমনকি মামলার সাক্ষীদেরও ভয়ভীতি দেখানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে আর্নিকা সাথী বলেন, বর্তমানে তিনি তার স্বামী, শ্বশুর-শাশুড়ি ও এক কন্যা সন্তান নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযুক্তরা ধারালো অস্ত্র নিয়ে তাদের বাড়ির আশপাশে ঘোরাফেরা করছে বলেও তিনি অভিযোগ করেন।
এ ঘটনায় জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য তিনি প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জৈন্তাপুর-তামাবিল মহাসড়কে রক্তাক্ত দুর্ঘটনা, টায়ার বিস্ফোরণে মুখোমুখি সংঘর্ষে চালকের হাত বিচ্ছিন্ন

সিলেটের জৈন্তাপুর-তামাবিল মহাসড়ক যেন হঠাৎই রূপ নেয় এক বিভীষিকাময় দৃশ্যে।