হারবাং থেকে অপহৃত কিশোর পারভেজ উদ্ধার, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে পুলিশের অভিযানে সফলতা

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়ন থেকে অপহৃত কিশোর মোহাম্মদ পারভেজ (১৭) কে অবশেষে উদ্ধার করেছে চকরিয়া থানা পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনার পর পুলিশের তৎপর অভিযানে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
জানা যায়, সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকা থেকে নিজ বাড়ি হারবাংয়ে ফেরার পথে চকরিয়া উপজেলার আজিনগর অংশে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাকে অপহরণ করে নিয়ে যায়।
অপহৃত পারভেজ কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কোরবানিয়া ঘোনা এলাকার মনজুর আলমের ছেলে। অপহরণের পর দুর্বৃত্তরা ০১৯৭২৭৮০৫১৫ নম্বর থেকে পারভেজের বাবার কাছে ফোন করে মুক্তিপণ দাবি করে বলে জানিয়েছেন পরিবার।
পারভেজের পিতা মনজুর আলম জানান, তার ছেলে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকায় একটি দোকানে চাকরি করতেন। প্রতিদিনের মতো কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে নিয়ে যায়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বিষয়টি জানার পর স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের নির্দেশে পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করে।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্র পারভেজকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে বুধবার (১১ মার্চ) রাত আনুমানিক ৮ টার দিকে ডুলহাজারার গহীন পাহাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
চকরিয়া থানার পুলিশ জানিয়েছে, অপহরণের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন