আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান হিজলা উপজেলা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত এই সভায় রাজিব আহসান এলাকার উন্নয়ন ও নির্বাচনী পরিবেশ নিয়ে তার ভাবনা তুলে ধরেন। মতবিনিময় সভায় তিনি বলেন, “দীর্ঘদিন ধরে এই জনপদের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। যদি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে হিজলা-মেহেন্দিগঞ্জের মানুষ বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করবে।”
রাজিব আহসান বলেন, নির্বাচিত হতে পারলে হিজলা উপজেলাকে একটি আধুনিক ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তোলা হবে। বিশেষ করে নদী ভাঙন রোধ এবং রাস্তাঘাটের উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।
সংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে গণমাধ্যমকে সাহসী ভূমিকা পালন করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে নির্বাচনের সঠিক চিত্র তুলে ধরার আহ্বান জানান তিনি। নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণায় বাধা প্রদান ও নেতাকর্মীদের হয়রানি বন্ধে তিনি প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা দাবি করেন।
মতবিনিময় সভায় হিজলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সাথে আরো উপস্থিত ছিলেন হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট দেওয়ান মোঃ মুনির হোসেন ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন।
সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলে রাজিব আহসান ধৈর্য্যসহকারে তার উত্তর দেন।
সভার শেষে তিনি উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও সাধারণ মানুষের মাঝে নির্বাচনী লিফলেট বিতরণ করেন।




