উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), আত্রাই উপজেলা কার্যালয়ের উদ্যোগে আজ ৬ জুলাই (২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ) সোমবার দিনব্যাপী বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও ঋণ বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর সকাল ১০:১৫ মিনিটে সমবায়ী ও সুফলভোগীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে মূল আলোচনা সভা শুরু হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫১, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শেখ মো: রেজাউল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন আত্রাই উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন মীর।
অনুষ্ঠানে বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু আনাছ, উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, ডাঃ মোহাম্মদ খায়রুল আলম এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান।
এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আবুল জলিল চকলেট, মোঃ মনজুরুল আলম মঞ্জু ও মোঃ ফারুক বখস্; সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন (সাখিদার) এবং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জনাব শেখ মো: রেজাউল ইসলাম বলেন, গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে এবং উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে পল্লী উন্নয়নের কোনো বিকল্প নেই। বর্তমান সরকার পল্লী অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিবৃন্দ ছাড়াও সমবায়ী ও সুফলভোগী প্রতিনিধিরা তাদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে বেলা ১১:৫০ মিনিটে সমবায়ী ও সুফলভোগীদের মাঝে বিনামূল্যে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
পরবর্তীতে বিআরডিবি’র পক্ষ থেকে সুফলভোগীদের স্বাবলম্বী করার লক্ষ্যে ঋণ বিতরণ এবং আপ্যায়ন ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, সুধীজন এবং বিপুল সংখ্যক সমবায়ী উপস্থিত ছিলেন।




