সাব-রেজিস্ট্রার সংকটে অচল ঘোড়াঘাট সাব-রেজিস্ট্রি অফিস, দলিল নিবন্ধন বন্ধে চরম ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

দিনাজপুরের ঘোড়াঘাট সাব-রেজিস্ট্রি অফিসে নিয়মিত কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। সাব-রেজিস্ট্রারের পদ শূন্য হয়ে যাওয়া এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুপস্থিতির কারণে টানা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে দলিল নিবন্ধন কার্যক্রম বন্ধ রয়েছে। এতে জমি ক্রয়-বিক্রয়, ব্যাংক ঋণ, নামজারিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ আটকে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
জানা গেছে, গত ১৭ জুন নিয়মিত সাব-রেজিস্ট্রার কামরুন নাহার দুই মাসের প্রশিক্ষণে গেলে তাঁর স্থলাভিষিক্ত হিসেবে একজন কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। তবে তিনি অসুস্থতার কারণে ছুটিতে থাকায় কার্যত কর্মকর্তা-শূন্য হয়ে পড়ে ঘোড়াঘাট সাব-রেজিস্ট্রি অফিস। ফলে দীর্ঘদিন ধরে কোনো দলিল নিবন্ধন হচ্ছে না।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এই অফিসে প্রতি মাসে গড়ে ১৫০ থেকে ২০০টি দলিল নিবন্ধিত হয়, যার মাধ্যমে সরকার উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আয় করে। বর্তমানে সেই কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকায় রাজস্ব আদায়েও নেতিবাচক প্রভাব পড়ছে। প্রতিদিন ৫০ থেকে ৬০ জন সেবাপ্রার্থী অফিসে এসে কাজ না করেই ফিরে যাচ্ছেন।
উপজেলার জালালপুর গ্রামের বাসিন্দা মাহবুব জানান, জমি বিক্রির সব আর্থিক লেনদেন সম্পন্ন হলেও দলিল নিবন্ধন না হওয়ায় তিনি বিপাকে পড়েছেন। প্রতিদিন অফিসে এসেও কোনো সেবা না পেয়ে হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে।
আরেক সেবাপ্রার্থী বলেন, ব্যাংক ঋণ সমন্বয়ের জন্য জমি বন্ধক (মর্টগেজ) রাখা জরুরি। কিন্তু নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকায় সময়মতো ঋণের প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হচ্ছে না, এতে ব্যবসায়ও বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
ঘোড়াঘাট দলিল লেখক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুজ্জামান রাখু বলেন, সাব-রেজিস্ট্রার না থাকায় শুধু সেবাপ্রার্থীরাই নন, দলিল লেখক, মুহুরীসহ সাব-রেজিস্ট্রি অফিসকেন্দ্রিক শতাধিক মানুষ কর্মহীন অবস্থায় রয়েছেন। জেলা রেজিস্ট্রারের পক্ষ থেকে দ্রুত কর্মকর্তা দেওয়ার আশ্বাস মিললেও বাস্তবে কাজ শুরু না হওয়া পর্যন্ত ভোগান্তির অবসান হচ্ছে না।
এ বিষয়ে দিনাজপুরের জেলা রেজিস্ট্রার সাজেদুল হক জানান, ঘোড়াঘাট সাব-রেজিস্ট্রি অফিসে নতুন সাব-রেজিস্ট্রার পদায়ন করা হয়েছে। তিনি আগামী ২৯ জুলাই (বুধবার) থেকে দায়িত্ব গ্রহণ করে নিয়মিতভাবে অফিস পরিচালনা করবেন।
এদিকে স্থানীয়দের দাবি, গুরুত্বপূর্ণ সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানে এ ধরনের প্রশাসনিক শূন্যতা কোনোভাবেই কাম্য নয়। ভবিষ্যতে যাতে একজন কর্মকর্তা অনুপস্থিত থাকলেও সেবা কার্যক্রম ব্যাহত না হয়, সে জন্য আগে থেকেই বিকল্প কর্মকর্তা নিয়োগের স্থায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সাব-রেজিস্ট্রার সংকটে অচল ঘোড়াঘাট সাব-রেজিস্ট্রি অফিস, দলিল নিবন্ধন বন্ধে চরম ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

দিনাজপুরের ঘোড়াঘাট সাব-রেজিস্ট্রি অফিসে নিয়মিত কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।

১২০ বছরের ঐতিহ্যে নতুন যাত্রা: র‌্যালি, সংবর্ধনা ও নতুন উদ্যোগে মুখর বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়

আনন্দ র‌্যালি, আলোচনা সভা, সংসদ সদস্যকে সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের সম্মাননা