কোটালীপাড়ায় মরা গরুর মাংস জব্দ: প্রায় ১০ মণ মাংস মাটিতে পুঁতে ফেলা, বিক্রেতাকে জরিমানা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগে প্রায় ১০ মণ মাংস জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
গতকাল (০৪ মার্চ ) বুধবার দিবাগত রাতে উপজেলার পৌর মার্কেটে অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ মাংসগুলো জব্দের নির্দেশ দেন। পরবর্তীতে জব্দ করা মাংসগুলো পৌর মার্কেটের পাশে মাটিতে পুঁতে রাখা হয়।
অভিযানকালে মাংস বিক্রেতা আলী আকবর গাজীকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এদিকে দীর্ঘদিন ধরে ওই বাজারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ রয়েছে। তবে প্রাণিসম্পদ বিভাগ, স্যানিটারি ইন্সপেক্টর এবং পৌরসভার তদারকি কর্মকর্তাদের উদাসীনতার কারণে কিছু অসাধু ব্যবসায়ী এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে বলে মনে করছেন মাংস ক্রেতারা।
নিয়ম অনুযায়ী, গরু বাজারে এনে প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় থেকে ফিটনেস সনদ নেওয়ার পর পৌরসভার তদারকি কর্মকর্তার উপস্থিতিতে জবাই করার কথা। কিন্তু অনেক সময় ব্যবসায়ীরা বাজারের বাইরে গরু জবাই করে মাংস এনে বিক্রি করে বলে স্থানীয়রা জানিয়েছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ বলেন, আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন