সীমান্তবর্তী জনপদ দর্শনা—চুয়াডাঙ্গা জেলার অর্থনীতি, বাণিজ্য ও রেল যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। আন্তর্জাতিক রেলস্টেশন, কেরু অ্যান্ড কোম্পানি, সীমান্ত বাণিজ্য এবং দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে অবহেলার অভিযোগ করে আসছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, দর্শনাকে উপজেলা ঘোষণা, পূর্ণাঙ্গ স্থলবন্দর প্রতিষ্ঠা, একটি আধুনিক হাসপাতাল নির্মাণ এবং রেলসেবার উন্নয়ন এখন আর বিলাসিতা নয়, বরং সময়ের অপরিহার্য দাবি।
স্থানীয়দের অভিযোগ, প্রায় ১৭ বছর ধরে বিভিন্ন সময়ে এসব উন্নয়ন পরিকল্পনার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। প্রতিবারই বিভিন্ন মহল থেকে প্রতিশ্রুতি মিললেও তা শেষ পর্যন্ত কাগজ-কলমেই সীমাবদ্ধ থেকেছে। ফলে সাধারণ মানুষের মধ্যে একদিকে যেমন প্রত্যাশা রয়েছে, অন্যদিকে তেমনি রয়েছে বাস্তবায়ন নিয়ে গভীর সংশয়।
সম্প্রতি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন এক অনুষ্ঠানে বলেন, “দর্শনাকে উপজেলা, হাসপাতাল ও স্থলবন্দর বাস্তবায়নের বিষয়ে কাজ চলছে। পর্যায়ক্রমে এসব দাবি বাস্তবায়নের চেষ্টা করা হবে।” তাঁর এই বক্তব্য স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। তবে এলাকাবাসীর প্রত্যাশা, এবার যেন আশ্বাস নয়, দৃশ্যমান কাজ শুরু হয়।
স্থানীয়দের মতে, দর্শনাকে উপজেলা ঘোষণা করা হলে প্রশাসনিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাবে। বর্তমানে বহু সরকারি সেবা নিতে দূরে যেতে হয়, যা সময় ও অর্থ—উভয়ের অপচয় ঘটায়।
স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও দর্শনার চিত্র উদ্বেগজনক বলে অভিযোগ রয়েছে। জরুরি রোগীদের উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা, যশোর কিংবা কুষ্টিয়ায় যেতে হয়। অনেক ক্ষেত্রে সময়মতো চিকিৎসা না পাওয়ায় ভোগান্তি বাড়ে। তাই আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি হাসপাতাল প্রতিষ্ঠার দাবি এখন আরও জোরালো হয়েছে।
ব্যবসায়ী ও সচেতন মহলের দাবি, দর্শনাকে পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে গড়ে তোলা হলে আমদানি-রপ্তানি কার্যক্রম সম্প্রসারিত হবে, সরকারি রাজস্ব বৃদ্ধি পাবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি কেরু অ্যান্ড কোম্পানিকে কেন্দ্র করে খাদ্য ও পানীয় প্রক্রিয়াজাতকরণ শিল্প, বোতলজাতকরণ কারখানা, ওষুধ শিল্প এবং অন্যান্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে তুললে সীমান্তবর্তী এই অঞ্চলের অর্থনীতি নতুন গতি পাবে।
রেলসেবার ক্ষেত্রেও দর্শনাবাসীর দীর্ঘদিনের দাবি রয়েছে। আন্তর্জাতিক রেলস্টেশন হওয়া সত্ত্বেও অনেক গুরুত্বপূর্ণ আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নেই। দর্শনা থেকে নিয়মিত দুটি লোকাল ট্রেন চালু, স্টেশনের আধুনিকায়ন, যাত্রীসেবা বৃদ্ধি এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ হবে।
এলাকাবাসী আরও বলেন, দর্শনার ভৌগোলিক ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় এখানে শিল্পাঞ্চল গড়ে তোলা, সড়ক অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারি বিনিয়োগ বৃদ্ধি সময়ের দাবি। সীমান্ত অঞ্চলের এই গুরুত্বপূর্ণ জনপদকে পরিকল্পিতভাবে উন্নয়ন করা গেলে পুরো জেলার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
স্থানীয় সচেতন মহলের ভাষ্য, দর্শনার মানুষ আর নতুন কোনো প্রতিশ্রুতি শুনতে চান না। তারা চান ঘোষণার বাস্তব প্রতিফলন। উন্নয়নের প্রতিটি দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে দর্শনা শুধু চুয়াডাঙ্গার নয়, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্ত বাণিজ্য ও শিল্পকেন্দ্র হিসেবে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে।




