দক্ষিণবঙ্গে প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলকারী ফেরী কুমিল্লার উপর থেকে রাত সাড়ে ৭ টার দিকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া মোসা. লাইজু (৩৯)-কে জীবিত উদ্ধার করেছে নৌপুলিশ।
নদী থেকে জীবিত উদ্ধার হওয়া লাইজু হলো ঢাকা জেলার কামরাঙ্গীরচরের আশ্রাফাবাদ এলাকার ঝাউচর গ্রামের ফোরকান মিয়ার স্ত্রী।
শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে।
লাইজু নদীতে ঝাঁপ দিয়ে বাঁচার জন্য সামান্য কিছু কচুরিপানা আঁকড়ে ধরে ভেসে নদীর স্রোতে ফরিদপুর সদর উপজেলার একটি চরে গেলে সেখান থেকে স্থানীয়রাদের সহযোগিতায় নৌ পুলিশের একটি টিম তাকে উদ্ধার করে।
পরে ফরিদপুর অঞ্চলের নৌ পুলিশ দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়িকে অবহিত করেন।
নর্থ চ্যানেল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সরোয়ার হোসেন জানান, রাতে কয়েকজন যুবক পদ্মা নদীতে চাক জাল ফেলে মাছ ধরছিলেন। এ সময় তারা দেখতে পান, এক নারী কচুরিপানা আঁকড়ে নদীর স্রোতে ভেসে তীরের দিকে আসছেন এবং বাঁচার জন্য চিৎকার করছেন। পরে তারা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দা লোকমানের বাড়িতে নিয়ে তার পরিহিত ভিজা কাপড়-চোপড় পরিবর্তন করেন। ফরিদপুর অঞ্চলের কোতোয়ালি নৌ পুলিশ ফাঁড়িতে লাইজুর আত্মীয়-স্বজন আসলে তাদের কাছে লাইজুকে বুঝিয়ে দেন।
এ বিষয়ে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, লাইজুর স্বামীর সাথে তার পারিবারিক দ্বন্দ্বের কারণে সে নদীতে ঝাঁপ দেয়। নিখোঁজ নারীর জীবিত উদ্ধারের খবর তারা পেয়েছেন। তাকে শনাক্ত এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ফরিদপুর কোতোয়ালি নৌ পুলিশ ফাঁড়িকে অবহিত করা হয়েছে।লাইজুর ব্যাগ ও কাপড়-চোপড় সকাল ৭ টার সময় তার আত্মীয়-স্বজনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।




