গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিকের পক্ষে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী ইঞ্জিনিয়ার রুস্তম ফরহাদ।
রবিবার (৮ ফেব্রুয়ারি) দিনভর সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন। এ সময় গণসংযোগকালে তিনি ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার তুলে ধরেন।
ইঞ্জিনিয়ার রুস্তম ফরহাদ বলেন, “গাইবান্ধা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক একজন সৎ, শিক্ষিত ও মানবিক নেতা। সাদুল্লাপুর ও পলাশবাড়ীর সার্বিক উন্নয়নে তাঁর কোনো বিকল্প নেই।” তিনি আরও বলেন, জেলা বিএনপির সভাপতি হিসেবে ডা. ময়নুল হাসান সাদিক দীর্ঘদিন ধরে দল ও মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।
গণসংযোগে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা জানান, সাধারণ মানুষের মধ্যে ধানের শীষ মার্কা নিয়ে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।
এ সময় নেতাকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে গণতন্ত্র ও উন্নয়নের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।




