পবিত্র রমজান মাসে মিশরের কায়রোর একটি মসজিদে তারাবীহর ইমামতি করছেন বাংলাদেশি হাফেজ মিনহাজুর রাহমান ওলি। বর্তমানে তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয়ে উসূলুদ্দীন বিভাগে অধ্যয়নরত।
আসন্ন পবিত্র রমজান মাসে বাংলাদেশের জন্য এক গর্বের খবর। মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত মসজিদে মক্কা–এ তারাবীহ নামাজে ইমামতি করছেন সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ঐতিহ্য বাহী মুক্তিখলা গ্রামের কৃতি সন্তান হাফেজ মিনহাজুর রাহমান ওলি।
সুনামগঞ্জে জন্ম নেওয়া এই তরুণ হাফেজ বর্তমানে বিশ্বের অন্যতম প্রাচীন ও সম্মানিত ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান আল-আজহার বিশ্ববিদ্যালয়–এর উসূলুদ্দীন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। কোরআনের হিফজ ও সুন্দর তিলাওয়াতের পাশাপাশি তিনি লেখালেখিতেও সক্রিয়। ইতোমধ্যে তাঁর রচিত দুটি গ্রন্থ প্রকাশিত হয়েছে, যা পাঠকমহলে প্রশংসা কুড়িয়েছে।
শিক্ষা ও দাওয়াহ কার্যক্রমের অংশ হিসেবে তিনি ‘আমারকণ্ঠ’ নামে একটি পত্রিকার সম্পাদনার দায়িত্বও পালন করছেন। মিশরের মতো আন্তর্জাতিক পরিসরে একজন বাংলাদেশি হাফেজের তারাবীহ পড়ানোকে অনেকেই কোরআনি শিক্ষায় দেশের অগ্রগতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
রমজানের পবিত্র রাতগুলোতে কায়রোর মুসল্লিদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তারাবীহ পড়ানোর এই সুযোগ হাফেজ মিনহাজুর রাহমান ওলির জন্য যেমন সম্মানের, তেমনি বাংলাদেশের জন্যও এক গৌরবের অর্জন।




