মঙ্গলবার,২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

হোটেল-রেস্তোরা শ্রমিকদের ন্যূনতম মজুরি গেজেট বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে স্মারকলিপি

হোটেল-রেস্তোরা সেক্টরে সরকার ঘোষিত ন্যূনতম মজুরির গেজেট দ্রুত বাস্তবায়ন, শ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, ৮ ঘণ্টা কর্মদিবস নিশ্চিতকরণসহ শ্রম আইন কার্যকরের দাবিতে দিনাজপুরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বেলা সাড়ে ১২টায় দিনাজপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক আব্দুল্লাহ আল সাকিব মুবাররাতের কাছে এ স্মারকলিপি প্রদান করে হোটেল-রেস্তোরা সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ।
স্মারকলিপিতে বলা হয়, সরকার ২০২৫ সালের ৫ মে হোটেল-রেস্তোরা সেক্টরের জন্য ন্যূনতম মজুরি গেজেট প্রকাশ করলেও প্রায় ১৫ মাস পেরিয়ে গেলেও তা কার্যকর করার ক্ষেত্রে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। ফলে দেশের লাখ লাখ শ্রমিক এখনও ন্যায্য মজুরি ও শ্রমিক অধিকার থেকে বঞ্চিত রয়েছেন।
সংগঠনের নেতারা অভিযোগ করেন, দেশের প্রায় ৪০ লাখ হোটেল-রেস্তোরা শ্রমিক প্রতিদিন ১২ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করলেও অধিকাংশ ক্ষেত্রে তারা আইনানুগ মজুরি, সাপ্তাহিক ছুটি, অতিরিক্ত কাজের পারিশ্রমিক এবং অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বাংলাদেশ শ্রম আইন-২০০৬ অনুযায়ী দৈনিক ৮ ঘণ্টা ও সাপ্তাহিক ৪৮ ঘণ্টা কাজের বিধান থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না। অনেক শ্রমিককে বিরতিহীনভাবে দীর্ঘ সময় কাজ করতে বাধ্য করা হচ্ছে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
এছাড়া শ্রম আইনের বিধান অনুযায়ী নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক, অসুস্থতাজনিত ছুটি, অর্জিত ছুটি, উৎসব ছুটি, গ্র্যাচুইটি ও চাকরিচ্যুতির ক্ষেত্রে প্রাপ্য সুবিধা প্রদান না করার অভিযোগও তুলে ধরা হয়। শ্রমিকদের জন্য স্বাস্থ্যকর কর্মপরিবেশ, বিশ্রামাগার বা আবাসন সুবিধা নিশ্চিত না করার বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।
স্মারকলিপিতে রংপুরে হোটেল শ্রমিক শাওন হত্যার ঘটনাও উল্লেখ করা হয়। এতে দাবি করা হয়, গত ১৬ জুন রংপুরে অতিরিক্ত কাজ করতে অস্বীকৃতি জানানোয় সহকারী বাবুর্চি শাওনকে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
নেতৃবৃন্দ বলেন, শ্রমিকরা তাদের আইনগত অধিকার নিয়ে কথা বললেই অনেক ক্ষেত্রে বেআইনিভাবে চাকরিচ্যুতির শিকার হন। এ অবস্থায় সরকার ঘোষিত ন্যূনতম মজুরি গেজেট বাস্তবায়ন এবং শ্রম আইন কঠোরভাবে প্রয়োগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
স্মারকলিপি প্রদানকালে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আক্তারুজ্জামান খান, উত্তরাঞ্চলীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন সবুজ, সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে স্মারকলিপি প্রদান শেষে স্থানীয় একটি রেস্তোরাঁয় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় রংপুরের হোটেল শ্রমিক শাওন হত্যার বিচার, অভিযুক্তের ফাঁসি এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) কনভেনশন অনুযায়ী নিহত শ্রমিকের পরিবারকে আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়।
প্রতিবাদ সভায় বক্তারা হোটেল-রেস্তোরা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সকল শ্রমিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সভায় সংগঠনের উত্তরাঞ্চলীয় কমিটির নেতৃবৃন্দ ও শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পঞ্চগড়ে শাহনাজ পারভীনের মৃত্যুর ঘটনায় সিআইডির তদন্ত হত্যাকারিদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের আমবাড়ি গ্রামের গৃহবধূ শাহনাজ পারভীনের