কৃষকদের জন্য সরকারের স্মার্ট কৃষক কার্ড প্রণয়ন কার্যক্রমের অংশ হিসেবে পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুড়ী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের গন্ধর্ব কৃষি ব্লকে বাড়ি বাড়ি গিয়ে কৃষকদের তথ্য সংগ্রহ শুরু করেছেন উপসহকারী কৃষি কর্মকর্তারা।
বর্তমানে আমরাজুড়ী ইউনিয়নের রোঙ্গাকাঠী, গন্ধর্ব ও আমরাজুড়ী ওয়ার্ডে এ কার্যক্রম চলছে। কৃষি বিভাগ জানিয়েছে, প্রকৃত কৃষকদের একটি নির্ভুল তথ্যভাণ্ডার তৈরি করে ভবিষ্যতে সরকারি কৃষি প্রণোদনা, ভর্তুকি, প্রশিক্ষণ ও অন্যান্য কৃষিসেবা সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এ উপলক্ষে উপজেলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সচেতন নাগরিকদের তথ্য সংগ্রহ কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে প্রকৃত কৃষক শনাক্তকরণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ করা হয়েছে।
কৃষি বিভাগ জানিয়েছে, জমির মালিক কৃষক, স্বল্প জমির চাষি, বর্গাচাষি, এমনকি অন্য পেশায় নিয়োজিত থাকলেও নিয়মিত কৃষিকাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের তথ্যও সংগ্রহ করা হবে। তাই কোনো ধরনের ভুল তথ্য না দিয়ে সঠিক তথ্য প্রদান করতে কৃষকদের অনুরোধ করা হয়েছে।
এছাড়া স্মার্ট কৃষক কার্ড পাওয়ার জন্য কোনো দালাল বা মধ্যস্থতাকারীর শরণাপন্ন না হওয়ার এবং কোনো ধরনের অর্থ লেনদেন না করার আহ্বান জানানো হয়েছে। কোনো সমস্যা বা অভিযোগ থাকলে সরাসরি দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তাদের জানাতে বলা হয়েছে।
কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, স্মার্ট কৃষক কার্ডের তথ্য সংগ্রহ একটি জটিল ও সময়সাপেক্ষ কাজ। তাই মাঠপর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাদের সর্বাত্মক সহযোগিতা করতে স্থানীয় জনগণের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।




