গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া সঠিক পদ্ধতিতে সংরক্ষণ, গুণগত মান বজায় রাখা এবং বাজারজাতকরণ নিশ্চিতকরণের লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা ও বিনামূল্যে লবণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা ও লবণ বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মিরাজ হোসেন,উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম আনসার,ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো: তরিকুল ইসলাম, কেন্দ্রীয় মসজিদের ইমাম মো: ইলিয়াচুর রহমান,সাংবাদিক এইচ এম মেহেদী হাসানাত বক্তব্য রাখেন।
চামড়া সুরক্ষায় বিশেষ প্রশিক্ষণ
কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের এতিমখানা ও মাদ্রাসার প্রতিনিধি এবং ওলামাদের সঠিক পদ্ধতিতে চামড়া ছাড়ানো এবং সংরক্ষণের ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষনে পশু জবাইয়ের পর দ্রুততম সময়ের মধ্যে চামড়ায় কীভাবে নির্দিষ্ট পরিমাণ লবণ প্রয়োগ করতে হয়, তা প্রদর্শনী ডকুমেন্টারি’র মাধ্যমে উপস্থাপন করা হয় ।
প্রশিক্ষণ শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও স্থানীয় চামড়া সংগ্রহকারীদের মাঝে বিনামূল্যে পর্যাপ্ত পরিমাণ লবণ বিতরণ করা হয়।




