গাইবান্ধা পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে রাখার কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। নির্ধারিত স্থানে বর্জ্য না ফেলায় সড়কের পাশে গড়ে উঠেছে ময়লার বড় বড় স্তূপ। এতে একদিকে যেমন অসহনীয় দুর্গন্ধ ছড়াচ্ছে, অন্যদিকে ধুলাবালু ও অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, পৌর এলাকার বিভিন্ন সড়ক ও জনবহুল স্থানে বর্জ্য পড়ে রয়েছে। রাস্তার পাশে এভাবে ময়লা ফেলায় পথচারীদের চলাচলে প্রতিনিয়ত বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। দুর্গন্ধের কারণে সাধারণ মানুষকে নাক-মুখ ঢেকে চলাচল করতে দেখা গেছে। এলাকাবাসীর অভিযোগ, নিয়মিত বর্জ্য অপসারণ না হওয়ায় এবং সঠিক ব্যবস্থাপনার অভাবে এই অস্বাস্থ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহলের দাবি, দ্রুত ময়লা অপসারণ এবং যেখানে-সেখানে বর্জ্য না ফেলে নির্ধারিত স্থানে ময়লা ফেলা নিশ্চিত করা জরুরি। জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।




