কুড়িগ্রামের উলিপুর শহরের দীর্ঘদিনের যানজট নিরসনে ৬৮ কোটি ২৫ লাখ ৪৯ হাজার টাকা ব্যয়ে প্রস্তাবিত ৩ দশমিক ২ কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণ প্রকল্প নানা জটিলতায় থমকে রয়েছে। জমি অধিগ্রহণে আপত্তি, প্রশাসনিক জটিলতা ও অনিয়মের অভিযোগে প্রকল্পটির ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, ২০২৩ সালে ‘চিলমারী সংযোগ সড়ক’ প্রকল্পের আওতায় উলিপুর হেলিপ্যাড মোড় থেকে গুনাইগাছ মোড় পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। দেড় বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ বাড়িয়ে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। তবে এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।
এদিকে অভিযোগ উঠেছে, প্রকল্পের তথ্য আগেভাগে জেনে কিছু ব্যক্তি সংশ্লিষ্ট এলাকায় জমি কিনে ভবন নির্মাণ করেন এবং পরে সেগুলোকে প্রকল্পের নকশার অন্তর্ভুক্ত করে ক্ষতিপূরণ নেওয়ার চেষ্টা করছেন। যদিও অভিযুক্তদের দাবি, তাদের জমি ক্রয় ও স্থাপনা নির্মাণ সম্পূর্ণ বৈধ এবং প্রকল্প ঘোষণার আগেই এসব করা হয়েছে।
প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার (২৩ জুন) উলিপুর পৌর শহরের চৌরাস্তা মোড়ে ‘উলিপুরের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী ও শিক্ষার্থীরা অংশ নেন। বক্তারা বলেন, দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক জটিলতার কারণে গুরুত্বপূর্ণ এ প্রকল্পের কাজ শুরু করা যাচ্ছে না। তারা দ্রুত কাজ শুরুর দাবি জানিয়ে বিলম্ব অব্যাহত থাকলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ জানান, স্থানীয়দের আপত্তির কারণে জমি অধিগ্রহণের জন্য বরাদ্দ প্রায় ১০ কোটি টাকা ফেরত গেছে, যা প্রকল্প বাস্তবায়নে নতুন জটিলতা সৃষ্টি করেছে।
উলিপুরবাসীর প্রত্যাশা, দ্রুত জটিলতা নিরসন করে বাইপাস সড়ক নির্মাণকাজ শুরু করা হবে। অন্যথায় শহরের যানজট নিরসনের বহু প্রতীক্ষিত এ প্রকল্প অনিশ্চয়তার মুখেই থেকে যাবে।




