বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে দিনাজপুরে স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ডাক বিভাগের কর্মচারীরা।
বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন (রেজি: বি-২০৩১), বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের মাধ্যমে জমা দেওয়া হয়েছে। একই দাবিতে দিনাজপুর প্রধান ডাকঘরের পোস্টমাস্টারের কাছেও স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদান শেষে কর্মচারীরা দিনাজপুর প্রধান ডাকঘরের সামনে বিক্ষোভ সমাবেশে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, দিনাজপুর জেলা শাখার সভাপতি এস এম আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মো. আবু তালেব, কোষাধ্যক্ষ আনোয়ারুল আলম, সদস্য আবুল কালাম, সুলতানা রাজিয়া, মোকলেছুর রহমানসহ অন্যান্য নেতাকর্মী ও কর্মচারীরা।
সমাবেশে বক্তারা বলেন, গত ৬ জুলাই থেকে ডাক বিভাগের কর্মচারীরা তাদের ন্যায্য দাবির পক্ষে আন্দোলন ও ধর্মঘট কর্মসূচি পালন করে আসছেন। দীর্ঘদিন ধরে একই প্রতিষ্ঠানে কর্মরত থাকা সত্ত্বেও বিভাগীয় ও অবিভাগীয় কর্মচারীদের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করা প্রয়োজন। তারা অভিযোগ করেন, প্রায় ৪৫ বছর ধরে অনেক কর্মচারী সর্বোচ্চ ৪ হাজার ৫০০ টাকা বেতনে কাজ করে আসছেন, যা বর্তমান বাজার পরিস্থিতিতে জীবনযাপন নির্বাহের জন্য অত্যন্ত অপ্রতুল।
বক্তারা আরও জানান, দিনাজপুর জেলার ২১৬টি ডাকঘরে প্রায় ৬০০ কর্মচারী কর্মরত রয়েছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান বেতন-ভাতায় পরিবার পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। তাই দ্রুত দুই দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে কর্মচারীদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।




