পহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক এবং ইউপি সদস্য মোঃ কাজল মোল্লার বিরুদ্ধে সরকারি প্রধান সড়কের পাশের গাছ কেটে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাজল মোল্লা ক্ষমতার প্রভাব খাটিয়ে চাঁপাইল থেকে সাচিয়াদাহ বাজার অভিমুখের চর বল্যাহাটী মোল্লাবাড়ি মোড় সংলগ্ন প্রধান সড়কের পাশ থেকে নির্বিচারে সরকারি গাছ কেটে বিক্রি করে দিয়েছেন। কোনো ধরনের নিলাম বা সরকারি অনুমতি ছাড়াই প্রকাশ্য দিবালোকে নিজের ক্ষমতা বলে এসব গাছ কেটে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।
এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ করে জানান, পরিবেশ রক্ষা এবং রাস্তার সৌন্দর্য বর্ধনের জন্য লাগানো সরকারি গাছগুলো এভাবে কেটে ফেলায় একদিকে যেমন প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, অন্যদিকে সরকারের মূল্যবান সম্পদও লুট হয়ে যাচ্ছে। একজন জনপ্রতিনিধি ও দলীয় নেতা হয়েও সরকারি সম্পত্তি আত্মসাতের এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ইউপি সদস্য কাজল মোল্লার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



