বগুড়া মহানগরের সেউজগাড়ী রেল কলোনী ও চকসূত্রাপুর চামড়াগুদাম এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজা ও ৩টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৮ জন মাদকসেবীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন এবং ফয়সাল আহমাদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন— সুমন (৪৫), সিয়াম (১৯), সিদ্দিক (৪০), রিপন (৫৫), মজনু (৩৫), আব্দুল সালাম (৩৪), চব্বিশ বাঁশফোড় (৫০) ও জিলহক (২৫)।
ভ্রাম্যমাণ আদালত ১ ও ২ নম্বর আসামিকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া ৩ থেকে ৮ নম্বর আসামিদের প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
ডিএনসি সূত্র জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।




