কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস ব্র্যাক সংলগ্ন ডিপ থেকে শুরু করে বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিনের বাড়ি পর্যন্ত দীর্ঘদিনের বেহাল রাস্তাটি সংস্কার করে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করে দিয়েছেন আসন্ন সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ আরিফুল ইসলাম। নিজস্ব অর্থায়ন ও একক উদ্যোগে রাস্তাটি সংস্কার করায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে চরম স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কল্পবাস ব্র্যাক সংলগ্ন ডিপ থেকে শুরু করে বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিনের বাড়ি পর্যন্ত যাতায়াতের প্রধান রাস্তাটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা ছিল। সামান্য বৃষ্টিতেই কাদা-পানিতে একাকার হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়তো। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, বয়স্ক মানুষ এবং রোগীদের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যেতে চরম দূর্ভোগ পোহাতে হতো। স্থানীয়রা দীর্ঘদিন ভোগান্তি পোহালেও টেকসই কোনো সংস্কার কাজ হচ্ছিল না। জনভোগান্তির বিষয়টি নজরে আসলে উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ আরিফুল ইসলাম নিজ উদ্যোগে ও অর্থায়নে রাস্তাটি মেরামতের সিদ্ধান্ত নেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে তিনি এলাকার যুব সমাজ ও প্রয়োজনীয় সামগ্রী দিয়ে দ্রুততম সময়ে রাস্তাটির খানাখন্দ ভরাট ও চলাচলের উপযোগী করে দেন।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, “রাস্তাটির কারণে আমাদের কষ্টের শেষ ছিল না। আরিফুল ইসলাম ভাই নিজ উদ্যোগে যেভাবে রাস্তাটি ঠিক করে দিলেন, এতে আমাদের অনেক বড় উপকার হলো। কথা না বলে কাজের মাধ্যমে তিনি ইউনিয়নের মানুষের পাশে দাঁড়িয়েছেন।” তার এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
এবিষয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ আরিফুল ইসলাম বলেন, “আমি অবহেলিত মানুষের পাশে থেকে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে চাই। ইউনিয়নের জনপ্রতিনিধি হওয়ার আগেই এলাকার মানুষের দূর্ভোগ লাঘব করাকে আমি নিজের দায়িত্ব মনে করেছি। কোনো পদের আশা না করে, এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে আমার এ ধরনের সামাজিক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” তার এই জনকল্যাণমূলক কাজের জন্য স্থানীয় সর্বস্তরের জনগণ মোঃ আরিফুল ইসলামের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তার ভবিষ্যৎ উদ্যোগগুলোর সফলতা কামনা করেছেন।



