টানা ভারী বৃষ্টি ও পানি নিষ্কাশনের অভাবে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন ধসের ঝুঁকিতে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে অভিভাবক ও স্থানীয়রা।
৮৩ নং একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে পানি জমে উঠানে হাঁটুসমান হয়ে আছে। শ্রেণিকক্ষের সামনের দেয়ালে ফাটল ধরেছে এবং ভিতের মাটি সরে যাচ্ছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।একডালা দক্ষিণ মাদারভদ্রাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ের অবস্থাও একই রকম। চারপাশে পানি জমে থাকায় ভবনের নিচের অংশ ভিজে নরম হয়ে গেছে। শিক্ষকরা জানিয়েছেন, বৃষ্টি হলেই ক্লাস নেওয়া কঠিন হয়ে পড়ে।
অভিভাবক ও স্থানীয়দের দাবি একডালা গ্রামের অভিভাবক মো. রফিকুল ইসলাম বলেন,দুই স্কুলেই প্রায়
একই অবস্থা । পানি না নামলে ক্লাস বন্ধ করে দিতে হবে। আমরা উর্ধতন কর্তৃপক্ষের কাছে অতি জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশন ও স্থায়ী সমাধানের দাবি জানাচ্ছি।
রতনকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি আমরা উপজেলা শিক্ষা অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে এবং মুঠোফোনে জানিয়েছি। দ্রুত ড্রেনেজ ব্যবস্থা না হলে ভবন দুইটিই ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে।
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,
বিষয়টি আমার নজরে এসেছে। দ্রুত টিম পাঠিয়ে ক্ষয়ক্ষতি নিরূপণ করে উর্ধতন কর্তৃপক্ষের কাছে জরুরি বরাদ্দের জন্য প্রস্তাব পাঠানো হবে।
স্থানীয়দের দাবি, শুধু তাৎক্ষণিক পানি নিষ্কাশন নয়, দুই বিদ্যালয়ের চারপাশে স্থায়ী ড্রেন ও মাটি ভরাটের ব্যবস্থা করা হোক। তা না হলে প্রতি বর্ষাতেই এই ঝুঁকি থাকবে।
শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।




