“উৎপাদনমুখী সমিতি করি, উন্নত বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরা সদর উপজেলায় সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করতে আবর্তক ঋণ বিতরণ করা হয়েছে। “উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়ন” শীর্ষক সমাপ্ত প্রকল্পের আওতায় এই ঋণ দেওয়া হয়।
আজ সোমবার (২০ জুলাই) দুপুর দেড়টায় মাগুরা সদর উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা সমবায় অফিসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রকল্পের আওতাভুক্ত সমবায় সমিতির ১৯ জন সুবিধাবঞ্চিত নারী সদস্যের প্রত্যেকের হাতে ১ লাখ টাকা করে মোট ১৯ লাখ টাকার চেকের ঋণ বিতরণ করা হয়।মাগুরা সদর উপজেলা সমবায় অফিসার বিরাজ মোহন কুন্ডু, সহকারী পরিদর্শক শরিফুল ইসলাম, সহকারী পরিদর্শক জাফর ইকবাল এবং ফ্যাসিলিটেটর রবিউল ইসলাম।
ঋণ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রাউতড়া গ্রামের সুবিধাভোগী সাধনা রাণী শিকদার বলেন, “মাগুরা সদর উপজেলার সমবায় কার্যালয় থেকে ঋণ নিয়ে আমি এখন স্বাবলম্বী। প্রায় সাত বছর ধরে আমি সমবায় অফিসের সাথে আছি। শুরুতে দুটি গরু দিয়ে যাত্রা করে এখন আমার খামারে সাতটি গরু আছে। সুবিধাবঞ্চিত নারীদের এগিয়ে নিতে বাংলাদেশ সরকারের এটি অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ।”
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই ঋণের টাকা দিয়ে উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে গ্রামীণ নারীরা তাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাতে এবং পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনতে সক্ষম হবেন।




