কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে চার দিনের বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়িতে সশস্ত্র হামলা চালানো হয়েছে। এতে ধারালো অস্ত্রের আঘাতে দুজন নিহত হয়েছে। এ সময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৭ জুলাই) রাত ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন—দেবীনগর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে ফারুক হোসেন (৪০) এবং একই ইউনিয়নের খানপুর গ্রামের আতিয়ার শেখের ছেলে আব্দুল শেখ (২৫)। এ ঘটনায় গুরুতর আহত মুল্লুক মণ্ডলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে পুলিশ ইতোমধ্যে দুজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৩ জুলাই সন্ধ্যায় দেবীনগর এলাকার বাসিন্দা ছালিম হোসেনের সঙ্গে খানপুর গ্রামের হাসান শেখের বিরোধের সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, এলাকায় মাদক বিক্রিতে বাধা এবং বাড়িতে আগুন দেওয়াকে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত। এরই জেরে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমারখালী উপজেলার এনায়েতপুর বাজার থেকে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন হাসান শেখ। পথে হিজলাবট মাঠ এলাকায় তার পথরোধ করে কয়েকজন দুর্বৃত্ত। পরে তাকে ভ্যান থেকে নামিয়ে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
হাসান শেখের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে রাতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। শুক্রবার গভীর রাতে সামিরুল ইসলামের নেতৃত্বে ৮০ থেকে ১০০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছালিম হোসেনের বাড়িতে আকস্মিক হামলা চালায়। হামলার বিষয়টি টের পেয়ে ছালিম হোসেন বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও বাড়িতে থাকা ফারুক হোসেন, আব্দুল শেখ ও মুল্লুক মণ্ডল হামলাকারীদের কবলে পড়েন।অভিযোগ রয়েছে, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই ফারুক ও আব্দুল শেখের মৃত্যু হয়। খবর পেয়ে খোকসা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন এশিয়া পোস্টকে বলেন, স্থানীয় মিন্টু চৌকিদার ও ছালিম হোসেন গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।
এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ এশিয়া পোস্টকে বলেন, পূর্বশত্রুতা ও মাদকসংক্রান্ত বিরোধের জেরে এর আগেও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। এরই ধারাবাহিকতায় দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে দুজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।




